ভূমিদস্যু / ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
বন্দর প্রতিবেদকঃ ভূমিদস্যু দখল করে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি খুলে দিয়েছে ইউএনও – শিবানী সরকার।এর আগে বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাছে স্মারকলিপি প্রদান করেছে ভূক্তভোগী ৩০টি পরিবার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের কাছে এর প্রতিকার জানিয়ে এ স্মারকলিপি প্রদান করে ভূক্তভোগী পরিবারগুলো।
এদিকে স্মারকলিপি পেয়ে বুধবার দুপুরে তাৎক্ষণিক ঘটনাস্থল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদীস্থ সরদারবাড়ী এলাকায় সরজমিন পরিদর্শন করে বন্ধকৃত রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেন ইউএনও। রাস্তাটি খুলে দেওয়ার পর আনন্দ প্রকাশ করেছেন ভূক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী জানান , বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদীর সরদারবাড়ী এলাকার বাসিন্দা শহীদ মিয়া ২৬ শতাংশ জায়গা রেখে মৃত্যু বরণ করে। পরে শহীদ মিয়ার ৪ ছেলে ২০ শতাংশ ও তার ৩ মেয়ে ৬ শতাংশ জায়গা ওয়ারিশ সূত্রে মালিক হন। ১৯৯৭ সালে মৃত শহীদ মিয়ার ৩ মেয়ে যথাক্রমে আক্তার বানু, আনোয়ারা বেগম ও রুবিয়া বেগম ৪ ভাইয়ের কাছে তাদের ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে দেন। এদিকে মাহামুদা বেগম ও তার ২ ছেলে মোস্তাকিম ও মোরসালিন উল্লেখিত ৪ ভাইয়ের ক্রয়কৃত জায়গার মালিকানা দাবি করে এবং দখল করে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন।

এ ব্যাপারে ভূক্তভোগী রমজান মিয়া জানান, ৩০/৩৫টি পরিবার প্রায় ৫০ বছর ধরে এ রাস্তা দিয়ে যাতায়াত করছে। প্রাচীন রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়ার কারণে তারা গৃহবন্ধী হয়ে পড়েন। রাস্তাটি খুলে দেওয়ার কথা বললে তারা নানা হুমকি ধামকি দেয় তাল বাহানা করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জানান, বুধবার এলাকাবাসীর স্মারকলিপি পেয়ে ঘটনাস্থলে আসি। এ সময় আলোচনার মাধ্যমে চলাচলের রাস্তাটি খুলে দেওয়া হয়।#



