শিরোনাম
জলদস্যু / মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে মেঘনা নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় জলদস্যুর হামলায় দুই জেলে গুরুতর আহত হয়েছেন। লুটে নেয়া হয়েছে তাদের মাছ ধরার জাল, নগদ টাকা ও মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে শনিবার ( ৪ জুলাই) রাত অনুমান ১টার দিকে কালাপাহাড়িয়া ইউনিয়নের মেঘনা নদীতে।

জলদস্যুদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আড়ােইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জেলে অহিদ মিয়া (৫৫) এবং তার ছেলে পারভেজ (২৬) জানান, তারা মেঘনা নদীতে নৌকা নিয়ে জাল বেয়ে মাছ আহরণ করেন। ঘটনার সময় তারা নদীতে মাছ ধরার সময় ৮/৯ জনের মুখোশ পরিহিত জলদস্যু অন্য একটি নৌকা যোগে এসে তাদের নৌকায় হানা দেয়। জলদস্যুরা তাদের দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নগদ ৪০ হাজার টাকা, ৭৫ হাজার টাকা মূল্যের মাছ ধরার জাল এবং দুটি মোবাইল ফোন লুটে নিয়ে চলে যায়।

পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
এ ব্যাপারে খাগকান্দা নৌ পুলিশের ইনচার্জ মালেক খসরু খান জানান, বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব। #



