গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা
বন্দর প্রতিবেদকঃ বন্দরে গবাদিপশুর ঘাস রোপন করে নিরিহ দিনমজুরের ক্রয়কৃত জমি দখলের চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী কবির হোসেন বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মৃত সালাউদ্দিন সরদারের ছেলে দিনমজুর কবির হোসেন গত ২০০০৬ ইং সালে একই এলাকার মরহুম জিন্নত আলী সরদারের কাছ থেকে হেবা দলিল মূলে ২ শতাংশ জমি ক্রয় করে। পরে ২০০০৯ ইং সালে একই এলাকার সরদার আবু তালেব মেম্বারের স্ত্রী সামছুন নাহার বেগমের কাছ থেকে সাবকাবলা দলিল মূলে ৮ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ ১৭ বছর ধরে ভোগদখলে নিয়জিত রয়েছে।

এর ধারাবাহিকতা সোমবার বেলা ১২টায় একই এলাকার মহিউদ্দিন সরদারের ২ ছেলে ভূমিদৎসু রিপন সরদার ও তার ছোট ভাই মুন্না ওরফে মনা সরদারসহ ২/৩ জন উল্লেখিত ক্রয়কৃত জমিতে অনাধিকার প্রবেশ করে সেখানে গবাদিপশুর ঘাস রোপন করে জমি দখলের পাঁয়তারা করে। ওই সময় বিবাদীদের ঘাস রোপন বাধা প্রদান করলে ওই সময় উল্লেখিত ভূমিদৎসু দুই ভাই জমির প্রকৃত মালিক কবির হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বন্দর থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রদান করে। #



