কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থী আইনজীবীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পরে আইনজীবী ফোরামের নেতাকর্মী ও আইনজীবীদের অংশগ্রহণে আদালতপাড়ায় একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো আদালতপাড়া মুখরিত হয়ে ওঠে।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নসহ বিপুল সরকার আইনজীবী।#



