মর্মান্তিক / মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বেপরোয়া মোটরসাইকেল ও অটোরিক্সা সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত হয়েছে। এ ঘটনায় শিশুর মা সুমী বেগম (২৫) ও তার বড় বোন শারমিন বেগম (২৯) মারাত্মক ভাবে আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ দেলোয়ার প্রাধন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সাইফান বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ তোফাজ্জল মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার দিনমজুর মোজাম্মেল মিয়ার ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক মোটর সাইকেল যার নম্বর পটুয়াখালী ল ১১-০৮৬৬টি আটকসহ ঘাতক চালককে পুলিশে সোপর্দ করে। আটককৃত মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকার পিয়ার আলী মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেলটি শনিবার দুপুরে ফরাজীকান্দা দেলোয়ার পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাএীবাহি অটোরিকশা সামনে দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই ৬ মাসের শিশু পুত্র সাইফান নিহত হয়। এ ঘটনায় মা ও খালা মারাত্মক ভাবে জখম হয়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। চালক থানা হাজতে আটক আছে। #



