সহায়তা / নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নগরীর সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
‘লাইভলিহুডস সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসিবি) প্রকল্পের আওতায় চায়না এইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। তিন মাসের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণ ৯৭ নারীর মধ্যে ৩০টি কম্পিউটার, ২৫টি সেলাই মেশিন ও ৪২টি ফুড কার্ট বিতরণ করা হয়। পাশাপাশি প্রকল্পের আওতায় গর্ভবতী নারী ও শিশুদের পুষ্টি সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ইউএনডিপি ও উপকারভোগীদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

সরঞ্জাম অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করা চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এসব সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হবে। এড. সাখাওয়াত প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন, উপকারভোগীরা যাতে নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই প্রশিক্ষণের পর তাদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ৯৭টি পরিবারকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবারগুলোর মধ্যে সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, ইউএনডিপির প্রকল্প সহকারী হোসনে আরা আলো সহ অন্যান্য প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।#



